চার দিনের রিমান্ডে সালমান এফ রহমান

আশুলিয়া থানায় দায়ের করা শাহাবুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আখতার হোসেন।

আনিসুল হকের আইনজীবী আসিফুর রহমান বলেন, শাহাবুল হত্যা মামলায় সালমান এফ রহমানকে আজ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। একই মামলায় আনিসুল হক হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

আইনজীবী আসিফুর রহমান জানান, আনিসুল হককে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গত ৪ আগস্ট গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয়।এর আগে আজ সকালে আনিসুল ও সালমান এফ রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক।

এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১১ মামলায় ৬১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।