খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজবাড়ী জেলায় ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। জেলা নির্বাচন অফিসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে নতুনভাবে অন্তর্ভুক্ত ভোটারের সংখ্যা ৫৭ হাজার ৩০৮ জন। এর মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। নতুন ভোটারের মধ্যে তরুণদের পাশাপাশি প্রবাস ফেরত নাগরিকরাও রয়েছেন। তুলনামূলকভাবে ভোটার বৃদ্ধির হার রাজবাড়ী-২ আসনে বেশি।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে মোট ভোটার ছিল ৯ লাখ ৩২ হাজার ৪৯০ জন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে।
বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ১ হাজার ৭৫৮ জন, নারী ভোটার ৪ লাখ ৮৮ হাজার ১৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন।
ভোটার বৃদ্ধি অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ও বেড়েছে। আগের নির্বাচনে যেখানে ভোটকেন্দ্র ছিল ৩৫০টি, এবার তা বেড়ে ৩৫৪টিতে উন্নীত হয়েছে।
নিম্নে রাজবাড়ীর দুই সংসদীয় আসনে ভোটার বৃদ্ধির বিস্তারিত দেওয়া হলো:
| সংসদীয় আসন | বৃদ্ধির সংখ্যা | আগের মোট ভোটার | নতুন মোট ভোটার |
|---|---|---|---|
| রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) | ২৬,০৩৪ | ৪,৬২,১২৩ | ৪,৮৮,১৫৭ |
| রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) | ৩১,৩৭৪ | ৪,৭০,৩৬৭ | ৫,০১,৭৪১ |
| মোট | ৫৭,৪০৮ | ৯,৩২,৪৯০ | ৯,৮৯,৯০৮ |
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন মোট ১৩,১৪৯ জন ভোটার। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ৫,০৬৩ জন এবং রাজবাড়ী-২ আসনে ৮,০৮৬ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মাদ জালাল উদ্দীন জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, অনলাইন নিবন্ধনের সুযোগ এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ফলে ভোটার সংখ্যা বেড়েছে। তিনি আরও বলেন, “নতুন ভোটারের অধিকাংশই তরুণ। এবারের নির্বাচনে গণভোটের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তাই তরুণ ভোটারের গুরুত্ব অনেক বেশি।”
নতুন ভোটারদের মধ্যে কলেজ শিক্ষার্থী তামিম বলেন, “জীবনের প্রথমবার ভোট দিতে পারার অনুভূতি সত্যিই অসাধারণ। আশা করি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারব। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকায় আমাদের মধ্যে ভোটের বিষয়ে উৎসাহ অনেক বৃদ্ধি পেয়েছে।”
বিশ্লেষকরা মনে করেন, নারী ও তরুণ ভোটার বৃদ্ধির ফলে এবারের নির্বাচন রাজবাড়ীতে নতুন মাত্রা পেয়েছে। ডিজিটাল প্রচারণার প্রভাবও প্রথমবারের ভোটারদের মধ্যে নির্বাচনী অংশগ্রহণ বাড়াচ্ছে।