খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 20শে অগ্রহায়ণ ১৪৩২ | ৪ই ডিসেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ভিডিও বার্তায় তার বিরুদ্ধে চলা জুয়া ও বেটিং ওয়েবসাইট প্রমোশনের গুজব ও ভুল ধারণা নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—তিনি কখনো জুয়া বা বেটিং সংশ্লিষ্ট কোনো প্ল্যাটফর্মে কাজ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। বরং বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে একটি অবৈধ প্রচারণায় ব্যবহারের চেষ্টা করা হয়েছিল।
সোমবার (২ ডিসেম্বর) প্রকাশিত ভিডিও বার্তায় প্রভা জানান যে, গত রমজান মাসে একটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করে। শুরু থেকেই তারা নিজেদের প্রকৃত পরিচয় বা ওয়েবসাইটটির প্রকৃতি সম্পর্কে পরিষ্কার তথ্য দেয়নি। প্রভা জানান, তাকে বলা হয়েছিল এটি একটি ‘গেমিং ওয়েবসাইট’, যা টি–২০ ক্রিকেটসহ বিভিন্ন খেলা সম্প্রচার করে। কোনোভাবেই তাকে জানানো হয়নি যে এটি একটি বেটিং বা জুয়ার সাইট।
তার ভাষায়, “আমি গেমিং সাইট সম্পর্কে জানি না। ফোনে গেম খেলি না। তাই আমাকে যখন বলা হলো এটি স্পোর্টস দেখানোর ওয়েবসাইট, তখন আমি সন্দেহ করিনি।”
প্রভা আরও বলেন, প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা তাকে বারবার বিভ্রান্ত করেছে। এমনকি বিজ্ঞাপন ধারণের সময় তিনি যখন প্রশ্ন করেন, “ভাই, এটা কোনো জুয়াটুয়া তো নয়?”, তখনও তারা বিষয়টি অস্বীকার করে। শুধু তাই নয়—বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞাপনের নমুনা দেখিয়ে তাকে আশ্বস্ত করা হয় যে এটি বৈধ এবং বহু সেলিব্রেটি এমন কাজ করেন।
প্রভা জানান, তিনি চুক্তিতে স্বাক্ষর করার পর একটি “ছোট্ট বাইট” দিতে বলা হয়। তিনি সেই বাইট দেন, যেখানে বলা হয় তিনি ওয়েবসাইটটির সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু পরে যখন তিনি ভিডিওটি প্রকাশিত হওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখেন, তখনই বুঝতে পারেন বিষয়টি স্বচ্ছ নয়। দর্শকের মন্তব্যেই প্রথম তিনি জানতে পারেন এটি একটি বেটিং ওয়েবসাইট—যা দেশে অবৈধ।
ঘটনা বোঝার পর সঙ্গে সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তাদের পক্ষ থেকে উল্টে দাবি করা হয় যে, প্রভাই নাকি বেটিং ওয়েবসাইটের অর্থ জানেন না! প্রভা তাদের অসততা নিয়ে হতাশা প্রকাশ করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টাও করা হয় বলে জানান তিনি। পরে প্রভা আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং প্রচারণাটি স্থগিত করেন।
ভিডিও বার্তায় প্রভা স্পষ্টভাবে বলেন—
“আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করিনি, করবও না। আমাকে অনেক টাকা অফার করা হয়েছিল, কিন্তু আমি অবৈধ কোনো কিছুতে যুক্ত হব না। আমাকে ভুল তথ্য দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, তার দেওয়া বাইটের সঙ্গে যে ভিডিও ছড়ানো হয়েছে, সেটি ‘ডাবিং-মিসম্যাচড’। অর্থাৎ অন্য একটি ওয়েবসাইটের নাম তার কথার ওপর বসিয়ে দেয়া হয়েছে। প্রভা এটিকে প্রতারণার অংশ বলেই মনে করেন।
শেষে তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন—
“আপনারা আমাকে সতর্ক করেছিলেন বলেই আমি সময়মতো বুঝেছি। ভবিষ্যতে আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ালে দয়া করে বিষয়টি যাচাই করবেন।”