খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ই জুন ২০২৫, ২:৩ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে একটি অবৈধ চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২৪৯ লিটার দেশীয় মদসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে উপজেলার রেলস্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—আক্কেলপুরের দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মণ্ডলের ছেলে রাজু মণ্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তিনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।
অভিযানে ২৪৯ লিটার চোলাই মদের পাশাপাশি উদ্ধার করা হয়েছে নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। সেনা সূত্র জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন শ্রেণির মানুষের কাছে মাদক সরবরাহ করছিলেন—এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছেও মদ বিক্রির প্রমাণ মিলেছে।
জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই৬৭৭১৫-এলাহী বলেন, “যাদের মাদক বিক্রির কোনো লাইসেন্স ছিল না, এমনকি স্কুলের ছাত্রদের কাছেও তারা এই মাদক বিক্রি করছিলেন। সমাজ থেকে মাদক নির্মূলে সেনাবাহিনীর এই ধরনের অভিযান চলমান থাকবে।”
আটক তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য