খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫
ইসরায়েলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে ইরান। আল-জাজিরার খবরে শনিবার (২১জুন) এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর সদরদপ্তরে হামলা চালায়। এর জবাবেই মূলত ইরান ইসরায়েলি সংবাদমাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি-তে ইসরায়েলের ওই হামলাকে ‘মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে তেহরান।তারা বলেছে, এই হামলা ইসরায়েলি শাসকগোষ্ঠীর অপরাধপ্রবণতা ও আন্তর্জাতিক নীতির প্রতি অবজ্ঞা আবারও প্রমাণ করেছে।
তবে, ইসরায়েলি হামলার কিছুক্ষণ পরেই আইআরআইবি সদরদপ্তরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যায়।
এ ঘটনার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে চ্যানেল ১৪-এর সম্প্রচার কেন্দ্রে হামলা চালায়। যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, শনিবারও (২১ জুন) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমনটা জানিয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।
খবরওয়ালা/এফএস