খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 2শে ভাদ্র ১৪৩২ | ১৭ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
শেরপুর সদর উপজেলায় কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের মোফাজ্জল হোসেন মিস্ত্রি (৬২) ও তার নাতি হোসাইন (১১)।
স্থানীয় সূত্র জানায়, কাঠ চিড়াই করার জন্য ওইদিন দুপুরে ব্যাটারিচালিত ভ্যানে কাঠবোঝাই করে হালগড়া বাজারে যাচ্ছিলেন দাদা-নাতি। ভ্যান চালাচ্ছিল নাতি হোসাইন, আর গাড়িতে বসে ছিলেন দাদা মোফাজ্জল মিস্ত্রি। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে গেলে গাছের চাপায় দুজনই আহত হন। ঘটনাস্থলেই মারা যায় হোসাইন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোফাজ্জল মিস্ত্রিকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল বলেন, মোফাজ্জল মিস্ত্রির বাড়ি হালগড়া এলাকায়। শনিবার দুপুরে ভ্যানগাড়িতে কাঠ নিয়ে ফেরার পথে বেলতলীতে উল্টে গিয়ে দাদা-নাতির মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/টিএসএন