খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫
মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে শিকার ব্যক্তিরা হলেন- ওই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০), একই এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইস্রাফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)।
তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জাকির শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে এই এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যায়। প্রতি রাতে কোথাও না কোথাও চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এ জন্য সদরের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় পাহারা দেয় স্থানীয় যুবসমাজ। গতকাল দিবাগত রাতে ওই এলাকায় তিনজনের চলাফেরা দেখতে পাহারাদারদের সন্দেহ হলে ধাওয়া দিয়ে পিটুনি দেওয়া হয়। এ সময় জাকির শেখের দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন বিক্ষুব্ধ লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুজনকে পুলিশ থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, যাঁদের পিটুনি দেওয়া হয়েছে, তাঁরা এলাকার চিহ্নিত চোর। তা ছাড়া এলাকায় গত কয়েক দিন ধরে চুরির ঘটনা বেড়েছে। তাই বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের পিটুনি দেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আটক দুজন পুলিশের হেফাজতে রয়েছে। এ ছাড়া একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/এসআর