খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ই জুন ২০২৫, ৭:৫৯ পিএম
ইরান–ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে। এর অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রসিডেন্ট এমানুয়েল মাখোঁর ফোনালাপ হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সর্বশেষ বক্তব্যে জানা গেছে, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
মাখোঁ জানান, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে তিনি (ইরানের প্রেসিডেন্ট) সম্মত হয়েছেন।
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাখোঁ লেখেন, ‘আমি জোর দিয়ে বলছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি ইরানের দায়িত্ব যে, তারা তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেটা প্রমাণে সব রকম নিশ্চয়তা দেবে।’ তিনি আরও বলেন, তিনি নিশ্চিত, এই যুদ্ধ থেকে উত্তরণের পথ আছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব।
এই লক্ষ্যে ফ্রান্স ও ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে ইরানের সঙ্গে চলমান আলোচনা ত্বরান্বিত করা হবে বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট মাঁখো।
খবরওয়ালা/এন
মন্তব্য