খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি।
দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে আমিনুল ইসলাম বলেন, ‘আমি বিসিবির দায়িত্বে এসে একটি দ্রুতগতির টি-২০ ইনিংস খেলতে চাই। এমন একটি ইনিংস, যা সবাই মনে রাখবে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব নিয়েছেন। সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যেতে চান তিনি। যে নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা। এতো অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-২০ ইনিংস খেলতে চাই।’
তবে নতুন নির্বাচিত সভাপতি বুলবুল এও জানান, তিন মাসের নির্ধারিত সময় নিয়ে তিনি বিসিবির সভাপতি হননি, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’
সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে বুলবুল বলেন, ‘ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর প্রায় ১৮ বছর ক্রিকেট উন্নয়ন নিয়ে আইসিসি ও এসিসিতে কাজ করছি। নতুন দায়িত্ব আমার জন্য নতুন পরীক্ষা, আবার কাজ করার সুযোগ। আপনারা সব সময় বলতেন, বাংলাদেশের ক্রিকেটে আপনি কেন আসেন না। সত্যি বলতে, এবারই প্রথম আমি ডাক পেয়েছি। আমাকে বলা হয়- আপনাকে সুযোগ দেওয়া হলে কাজ করবেন কিনা।
আমাকে ক্রিকেট বোর্ডের পরিচালকরা নির্বাচিত করেছেন। আমরা বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি মনে করি, কেবল মাঠের ১১ জন ক্রিকেট খেলে না। দেশের সকলেই ক্রিকেট খেলে। সকলে মিলে একটা দল। আমরা সকলেই বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করি। বাংলাদেশ ক্রিকেটকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
খবরওয়ালা/এন