খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫
জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামীকাল (রবিবার) আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বাকি দুই অভিযুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শনিবার (৩১ মে) এক সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই এ মামলার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হবে। বিচার এমনভাবে হবে যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।’
এর আগে, ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয় তদন্ত সংস্থা। সেখানে অভিযোগ করা হয়, জুলাই-আগস্টের ছাত্র ও জনতার আন্দোলনের সময় প্রায় ১,৪০০ মানুষের হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ, প্ররোচনা ও উসকানির প্রমাণ পাওয়া গেছে। একই ধরনের অভিযোগ এসেছে আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যার বিচার শুরু করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ মামলার তদন্তের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল। এখন সেই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া নতুন মাত্রা পেতে যাচ্ছে।
খবরওয়ালা/আরডি