খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 23শে চৈত্র ১৪৩১ | ৬ই এপ্রিল ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
আয়নাঘরে যাঁরা তদন্ত করতে গিয়েছিলেন তাঁদেরকে হত্যা করতে বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, তদন্ত কর্মকর্তারা তিনটি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও তদন্ত করেছেন। তদন্তকাজের সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান।
তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলাগুলো তদন্ত করছে। টিএফআই সেলের নাম উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘সেটার ভেতরে ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে, সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে। যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়াল ভাঙতে হয়েছে। পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছে। সেগুলো সরিয়ে ক্রাইম সিনগুলো বের করতে হয়েছে। এবং আপনারা জানেন, এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে প্রেজেন্ট ছিলেন। আমরা যখন না বুঝে…, সেখানে বোমা ফিট করা ছিল। সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল। আমাদের অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছে, তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে।’
এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে, সেগুলো প্রতিদিন জনসমক্ষে আসেনি উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘যে কারণে অনেকে মনে করতে পারেন যে তদন্তকাজ কিছু হয়নি।’
মানবতাবিরোধী অপরাধের তদন্ত সময়সাপেক্ষ বিষয় উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময় ছিল, তখন প্রথম তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৬ মাস সময় নিয়েছে।’ তিনি বলেন, ‘এ মাসের মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘আজ যাত্রাবাড়ীতে গণহত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার আসামি সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ এপ্রিল এবং রাজধানীর চানখারপুলে হত্যাকাণ্ডে করা মামলায় পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।’
ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র আসে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র, কোনো স্ক্যান্ডাল বিচারকাজ থামাতে পারবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। তবে আমরা মনে করি, একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। সরকার এ বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করেছে। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশা করছি। তবে আসামিদের পক্ষ থেকে বিচার বানচালের চেষ্টা সফল হবে না।’
খবরওয়ালা/টিএ