খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ জুন) প্রদেশের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।
ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা ইসরায়েলের জন্য তথ্য সংগ্রহ, সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ছড়ানো এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করার চেষ্টায় লিপ্ত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড দেশের জনগণের মনোবল নষ্ট এবং রাষ্ট্রের স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিচালিত হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইরান-ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাত শুরু হয়। এর পর থেকেই দুই দেশের মধ্যে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টাপাল্টি ঘটনা ঘটছে।
ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। অপরদিকে, ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস জানায়, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন নিহত এবং ১,৩২০ জনের বেশি আহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, গুপ্তচর গ্রেপ্তার এবং ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে তুলছে।
খবরওয়ালা/আরডি