খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জেল হোসেন পলাশ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) রাতে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ খুলনার দোলখোলা টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তোফাজ্জেল হোসেন পলাশ মোটরসাইকেলযোগে মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মটরসাইকেলটি উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
খবরওয়ালা/এমইউ