মেঘনা নদীর পানি বাড়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ

লক্ষ্মীপুরে মেঘনা নদীর জোয়ারের পানি বাড়ায় রামগতি-কমলনগর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নদীতে পানির উচ্চতা বাড়তে শুরু করে।

নদীর তীরবর্তী গ্রামগুলো জোয়ারের পানিতে ডুবে গেছে। বসতবাড়ি ও সড়কে পানি উঠে গেছে। কারও কারও ঘরের ভেতরেও পানি ঢুকেছে। তবে সন্ধ্যার দিকে নেমে যেতে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, গত তিনদিন ধরে এ অবস্থা চলছে।

সরেজমিনে কমলনগরে মধ্য ও পশ্চিম চরমার্টিন গ্রামে গিয়ে দেখা যায়, জোয়ারের পানি হু হু করে লোকালয়ে ঢুকছে। নিচু এলাকাগুলো তলিয়ে যাচ্ছে। অনেকের মাছের ঘের ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তোরাবগঞ্জ এলাকার কামাল হোসেন জানান, জোয়ারের পানিতে তারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঘরে পানি ওঠায় তাদের ঘরে চুলা জ্বলছে না। গবাদি পশুগুলো নিয়ে বিপাকে পড়েছেন। মাঠে থাকা আমনের বীজতলা নষ্ট হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সরকার মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য তিন হাজার ১০০ কোটি টাকার বরাদ্ধ দেয়। চলতি বছর কাজের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর কয়েক কিলোমিটার বাঁধের কাজ এখনো ধরা হয়নি। পুরো কাজ ধীরগতিতে চলছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান বলেন, আগে মানুষ এত পানি দেখেনি। নদীর তীর রক্ষা বাঁধের কাজ পেয়ে ধীরগতিতে কাজ করা ঠিকাদারদের আটটি কাজ বাতিল করা হয়েছে। এসব কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। বাঁধের ৪০ ভাগেরও বেশি কাজ শেষ হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।